ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কার্যালয়ে হামলা করেছে ইসরাইল
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান–এর কার্যালয় এবং জাতীয় নিরাপত্তা পরিষদের ভবনে বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানায় আইডিএফ। এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।
আইডিএফের বিবৃতিতে বলা হয়, ‘ ইসরাইলি বিমানবাহিনী তেহরানের কেন্দ্রস্থলে ইরানি সন্ত্রাসী শাসকগোষ্ঠীর নেতাদের কমপাউন্ডের স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে।’
এতে আরও বলা হয়েছে, কমপাউন্ডে হামলার সময় প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনের ওপর বিপুল গোলাবারুদ ফেলা হয়েছে।’
তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইরান কর্তৃপক্ষ।
এদিকে ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ টিকভায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের টুকরো ইসরাইলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। ফলে ক্ষয়ক্ষতি হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সমন্বিত সামরিক অভিযান চালায়। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে এই দুই দেশের সঙ্গে বিরোধ চলছিল। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এটি তাদের সার্বভৌম অধিকার।
ওয়াশিংটন ও তেলআবিবের মতে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এই কারণ দেখিয়েই তারা সামরিক অভিযান পরিচালনা করছে।
পারমাণবিক ইস্যু নিয়ে সমঝোতার জন্য গত বছর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক ধাপে পরোক্ষ আলোচনা চললেও পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান হয়নি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলা সেই দীর্ঘমেয়াদি উত্তেজনারই নতুন মাত্রা যোগ করেছে।
এসি//