আন্তর্জাতিক

বন্ধু রাষ্ট্রের সুরক্ষায় প্রস্তুত ফ্রান্স: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে সরাসরি সহায়তায় এগিয়ে যাবে ফ্রান্স। এমন অবস্থানের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট।

মঙ্গলবার (০৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ব্যারোট বলেন, সংশ্লিষ্ট দেশগুলো আনুষ্ঠানিক অনুরোধ জানালে ফ্রান্স তাদের প্রতিরক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে। প্রয়োজনে হস্তক্ষেপের অধিকারও প্যারিস সংরক্ষণ করে রেখেছে।

তিনি বলেন, চলমান সংঘাত ধীরে ধীরে আরও কয়েকটি দেশকে প্রভাবিত করছে। এসব দেশের সঙ্গে ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা চুক্তি এবং বিভিন্ন কৌশলগত স্বার্থ জড়িত রয়েছে, যার মধ্যে সামরিক ঘাঁটিও অন্তর্ভুক্ত।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংঘাতপ্রবণ অঞ্চলজুড়ে প্রায় চার লাখ ফরাসি নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে যারা ঝুঁকির মুখে রয়েছেন, প্রয়োজনে বাণিজ্যিক ও সামরিক উড়োজাহাজের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরে এই অভিযানে যোগ দেয় যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এর জবাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। পাল্টাপাল্টি এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন