ট্রাম্পকে কোনোভাবেই দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াতে দেবো না: জেডি ভ্যান্স
ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতি দ্রুত শেষ করার লক্ষ্য থাকলেও সংঘাত ইতোমধ্যে পঞ্চম দিনে গড়িয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনা অল্প সময়ে থামার সম্ভাবনা কম। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে চলমান যুদ্ধের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি কোনো যুদ্ধে জড়াতে চায় না।
তার ভাষায়, প্রেসিডেন্টের মূল লক্ষ্যই হলো ইরান যেনো “কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে” তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, ইরানের শাসনব্যবস্থার রাজনৈতিক ও কৌশলগত মানসিকতায় মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন, যাতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি এড়ানো যায়।
ভ্যান্স জোর দিয়ে বলেন, এই সংঘাত দীর্ঘ সময় ধরে চলবে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমন কোনো যুদ্ধ চায় না যা বছরের পর বছর স্থায়ী হবে।
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরাক ও আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী সামরিক জটিলতায় জড়াতে আগ্রহী নয়।
এদিকে ভ্যান্স আরও দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো শুধুমাত্র বেসামরিক সমৃদ্ধকরণ কর্মসূচির জন্য নয়, বরং পারমাণবিক অস্ত্র উন্নয়নের লক্ষ্যেও এসব স্থাপনা ব্যবহার করা হতে পারে—যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান।
এসি//