সেপটিক ট্যাংকে মিলেছে শিশুর বস্তাবন্দি মৃতদেহ
ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তাবাসসুম (৪) নামে এক শিশু কন্যার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি সেপটিক ট্যাংক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, শিশুটির বাবা মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল হোসেন কালীগঞ্জে একটি দর্জির দোকানে ও মা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন। সেই সুবাদেই দীর্ঘদিন ধরে তারা কালীগঞ্জের বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকতেন।
শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছে, বুধবার বিকেলে শিশুটি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিল। কিছু সময় পর থেকেই পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক কৃষক মাঠে যাওয়ার সময় আব্দুল জব্বার বিদ্যালয়ের পেছনে একটি রক্তমাখা বস্তা দেখতে পান। এ সময় গ্রামের অন্যদের ডেকে আনলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বস্তা খুলে তাবাসসুমের মৃতদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যু রহস্যজনক। মৃতদেহের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসি//