জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
রাজশাহী মহানগরীতে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাব্বির (২২) নগরীর শাহমখদুম থানাধীন পবা রাইস মিলপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় হোটেল ব্যবসায়ী শাহিন ইসলামের ছেলে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একই এলাকার বাসিন্দা জাসন (২৫) হামলাটি চালায়। তিনি আমিরুল ইসলামের ছেলে। স্থানীয়দের অভিযোগ, জাসন মাদকাসক্ত এবং তার আচরণে এলাকায় দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, জাসনের মা শিরিন বেগম তার অর্ধকাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। ওই জমি বিক্রিকে কেন্দ্র করে জাসনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর জের ধরে মঙ্গলবার নিহতের বাবা শাহিন ইসলামকে মারধরের ঘটনাও ঘটেছে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে সাব্বিরকে বাড়ির সামনে পেয়ে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জাসন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, সাব্বিরের বুকে গভীর আঘাতের চিহ্ন ছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
এমএ//