সিরাজগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামীর মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে মারা গেছেন হত্যা মামলার আসামি মো. সুমন সরকার (৩৪)। সুমন সরকার উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয় নগর গ্রামের মৃত কাবের সরকারের ছেলে। একটি হত্যা মামলায় প্রায় এক বছর ধরে তিনি কারাগারে ছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টায় তার মৃত্যু হয়। সুমনের স্ত্রী মোছা. জমেলা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কারাগারে বুধবার দিনগত রাত ২টা ৫০ মিনিটের দিকে অসুস্থ হয়ে পড়েন সুমন। পরে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
সুমনের স্ত্রী মোছা. জমেলা খাতুন জানান, আজ ভোর ৬টার দিকে কারাগার থেকে ফোন করে তাকে মৃত্যুর সংবাদ দেওয়া হয়। তবে স্বামীর মৃত্যুর কারণ সম্পর্কে ফোনে কিছু জানানো হয়নি। পরে দুপুরে সিরাজগঞ্জ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিতে জন্য একাধিক বার মুঠোফোনে সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ এর চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
মৃত্যু সনদে সুমনের মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিও-রেসপিরেটরি ফেইলিউর’ ও ‘সিভিডি উইথ ভমিটিং’ লেখা হয়েছে। অর্থাৎ হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং হৃদরোগজনিত জটিলতার সঙ্গে বমির উপসর্গের উল্লেখ রয়েছে।
আই/এ