৩ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জের যমুনা সেতু এলাকায় প্রায় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। এ সময় মাদক পরিবহনের দায়ে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল হোসেন (৩১) কে গ্রেপ্তার করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে র্যাব-১২’র একটি দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) র্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইব্রাহীম জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহের সঙ্গে জড়িত।
মো. আহসান হাবিব জানান, জব্দকৃত ট্রাকটি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
আই/এ