জাতীয়

বিএনপি ও তারেক রহমানকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান–কেও শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ অভিনন্দনবার্তা দেয় মার্কিন দূতাবাস।

এতে বলা হয়েছে, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮৭টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। এরমধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। 

ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭০টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয় পেয়েছেন।

এদিকে বিজয় উদযাপনে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি।

দলের প্রেস উইং জানিয়েছে, নির্বাচনে নিরুঙ্কুশ বিজয় উপলক্ষে বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করবে বিএনপি। আর অন্যান্য ধর্মীয় উপাসানালয়ে হবে প্রার্থনা।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯৯ আসনের মধ্যে ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। 

ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৩টি আসনে জয় পেয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭৪টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা ১১টি আসনে জয় পেয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন