ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প
সম্প্রতি ইরানের সঙ্গে অনুষ্ঠিত সংলাপকে ‘খুবই ভালো’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সামরিক শক্তি মোতায়েনের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়া ঠেকানো।
বৈঠক প্রসঙ্গে ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি।”
এদিকে আলোচনার মধ্যেই ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। একটি নির্বাহী আদেশ জারি করে তিনি ঘোষণা দেন, যেসব দেশ ইরান থেকে পণ্য আমদানি করবে, তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই আলোচনা হয়েছে। সেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা হয়নি।
বৈঠকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তারা নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না। তবে বিকল্প কোনো প্রস্তাব বিবেচনায় এলে সে ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার বিষয়ে তারা আগ্রহী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।
এমএ//