আজ নির্বাচনী সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) সিলেট সফর করছেন। এদিন বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সিলেট মহানগর জামায়াতের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
জনসভায় সিলেট জেলার ছয়টি আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পাশাপাশি সুনামগঞ্জ জেলার চারটি আসনের প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেবেন তিনি।
এক প্রেস ব্রিফিংয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। তিনি বলেন, জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে হবিগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। তবে সময় সংকটের কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।
জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী। আয়োজকরা লক্ষাধিক মানুষের উপস্থিতির আশা করছেন। আলিয়া মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে বড় মঞ্চ। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে টানানো হয়েছে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন।
এমএ//