মালয়েশিয়ায় প্রবাসজীবনে পরিচয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে যোগাযোগ, সেখান থেকে প্রেম। সেই সম্পর্কের পরিণতি গড়িয়েছে বিয়েতে। যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি। বিয়েতে উপস্থিত ছিলেন কনের মা-বাবাও।
গত ২৩ নভেম্বর যশোরের পৌর এলাকার বারান্দীপাড়া খালধার সড়কে নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ হোসেনের কার্যালয়ে তাদের বিয়ে নিবন্ধিত হয়। পরদিন ২৪ নভেম্বর কাবিননামাটি নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করা হয়। পরে ২৮ নভেম্বর শনিবার আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে স্থানীয়দের বিয়ের বিষয়টি জানানো হয়।
সোহাগ হুসাইন শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নেলুফা ইয়াসমিন দম্পতির ছোট ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। গত ২৮ অক্টোবর দেশে ফেরেন সোহাগ। অন্যদিকে, মালয়েশিয়া থেকে মা-বাবাকে সঙ্গে নিয়ে ১৯ নভেম্বর বাংলাদেশে আসেন নুর হায়াতি। তার বাবা আমরান বিন আহমাদ ও মা জাওয়ারিয়াহ বিনতে সুলাইমান।
বিয়ের কাবিননামা অনুযায়ী, সোহাগ ও নুর হায়াতি দুজনেরই জন্ম ১৯৯৯ সালে। সোহাগের জন্ম ২৪ মে এবং নুর হায়াতির ৩০ সেপ্টেম্বর। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ টাকা।
সোহাগ জানান, কিশোর বয়সে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় গেলেও সেখানে পড়াশোনার পরিবর্তে কাজে যুক্ত হন। বর্তমানে কুয়ালালামপুরে তার একটি ওয়ার্কশপ রয়েছে। পাশাপাশি ঠিকাদারি ব্যবসাও করেন তিনি।
স্ত্রীর সঙ্গে পরিচয়ের বিষয়ে সোহাগ বলেন, ‘তখন এক ভদ্রলোকের দোকানে আমি যাতায়াত করতাম। সেখানেই তাকে (নুর হায়াতি) প্রথম দেখি। দোকানটি তার বাবার।’
পরে টিকটকের মাধ্যমে দুজনের মধ্যে যোগাযোগ তৈরি হয়। সেখান থেকে মুঠোফোন নম্বর বিনিময় করেন তারা। সোহাগ মালয় ভাষা জানেন বলে ওই ভাষাতেই তাদের কথাবার্তা হতো। এরই মধ্যে নুর হায়াতিকে কিছু বাংলা ভাষাও শেখান তিনি। একপর্যায়ে নুর হায়াতির মা-বাবার সঙ্গে সোহাগের পরিচয় ও আলোচনা হয়। তারাও সোহাগকে পছন্দ করেন। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
ছেলের বিয়েতে খুশি সোহাগের পরিবারের সদস্যরাও। মালয়েশীয় পুত্রবধূকে পেয়ে আনন্দিত তার মা নেলুফা ইয়াসমিন।
তিনি বলেন, ‘বউমা ভালো হয়েছে। সে আমাদের কথা কমবেশি বুঝতে পারলেও বেয়াই-বেয়াইন বুঝতে পারছেন না। বউমা বাংলা ভাষা কিছু কিছু শিখেছে।’
মালয়েশিয়া থেকে আসা মেয়ের মা-বাবার আপ্যায়ন প্রসঙ্গে নেলুফা ইয়াসমিন বলেন, ‘বেয়াই-বেয়াইন আসার সময় নিজেদের খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন, শুকনো খাবার। ডিম এবং নুডলস বেশি খাচ্ছেন। বিবাহ সম্পন্ন হয়েছে। বেয়াই-বেয়াইন আর থাকতে চাচ্ছেন না। রোববার তাদের ঢাকায় দিয়ে আসবে সোহাগ। কিন্তু ছেলে ও বউমা এক মাস পরে যাবে।’
সোহাগ জানান, তার স্ত্রী নুর হায়াতির কুয়ালালামপুরে একটি সুপারশপ রয়েছে। তার শ্বশুরের সাত সন্তান। প্রত্যেকের জন্য আলাদা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে দিয়েছেন তিনি।
রোববার নুর হায়াতির মা-বাবা ঢাকায় ফিরে গেলেও স্ত্রীকে নিয়ে আরও এক মাস বাংলাদেশে থাকবেন সোহাগ। এরপর দুজন মালয়েশিয়ায় ফিরে যাবেন। সেখানে নিজের ব্যবসার পাশাপাশি স্ত্রীর সুপারশপের দেখাশোনাও করবেন তিনি।
সোহাগ বলেন, ‘বিয়ে করে আমি ও নুর— উভয়েই সুখী। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। আমরা মালয়েশিয়াতেই জীবন কাটাব।’
এসি//