সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। পরে মামলাটি আদালতে পাঠানো হলে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।
বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুত্ব এবং মসজিদের পবিত্রতা ও স্থান-কালীন মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ রায় বহাল রাখে। এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজকীয় আদেশের পর বুধবার মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এদিকে, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে সৌদি সরকার।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তাকেও প্রচলিত আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে।
সূত্র: আজেল
এসি//