ঢাকার সড়কে অটোরিকশা চলাচলের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ৭০০ অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুক্রবার (০৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাইয়ের গ্রাফিতি পুনরায় আঁকার কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, অটোরিকশার পক্ষে আন্দোলন করার মতো মানুষ দেশে নেই। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল অটোরিকশা চলাচলের দাবি সরকারের মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।
বিষয়টিকে হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, খোঁজ নিয়ে ওই নেতার ৭০০ অটোরিকশা থাকার তথ্য পাওয়া গেছে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, নগরীর বিভিন্ন এলাকায় ভাঙা ফুটপাত সংস্কার করে সেগুলো দৃষ্টিনন্দন করা হবে।
একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে হকার ও রিকশাচালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগও করেন তিনি।
মেট্রোরেলের পিলারে গ্রাফিতি আঁকার বিষয়ে মিল্টন বলেন, ৭২ ঘণ্টার মধ্যে পিলারগুলো থেকে পোস্টার সরিয়ে গ্রাফিতি আঁকা হচ্ছে। এ কাজে কোনো ধরনের রাজনীতিকরণ করা হবে না। দেশের আন্দোলন-সংগ্রামে যাঁরা ভূমিকা রেখেছেন, তাদের গ্রাফিতিতে স্থান দেওয়া হবে।
এমএ//