দেশজুড়ে

সহকর্মীদের খোঁজে গাজীপুরে পুড়ে যাওয়া পোশাক কারখানায় সামনে শ্রমিকরা

গাজীপুরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্টিক্স গার্মেন্টসের আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় সহকর্মীদের খোঁজ নিতে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা ঘটনাস্থলে ভিড় করেছেন। তবে এ ঘটনায় এখনও নিহতের কোন খবর জানায়নি ফায়ার সার্ভিস।

শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ফকির মার্কেটের সাততলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ শ্রমিককে এ পর্যন্ত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

ঘটনার সময় কারখানাটিতে কাজ করছিলেন শ্রমিক আরাফাত। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা সবাই সাততলায় কাজ করছিলাম। তিনতলায় গোডাউন। গোডাউনে আগুন লেগেছে শুনে ছাদে চলে যাই। এ জন্য হয়তো আমরা বেঁচে গেছি।’

পাশের পোশাক কারখানার শ্রমিক মো. হাসান বলেন, ‘আমাদের সহকর্মীরা আটকা পড়েছিল। তাদের খোঁজ নিতে এসেছি। এখনো ভেতরে ধোঁয়া রয়েছে। কোনো শ্রমিকের কিছু হয়েছে কি না, তা দেখছি। আরও কতক্ষণ অপেক্ষা করব, বুঝতে পারছি না।’

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পোশাক কারখানা #গাজীপুর