গেল ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।
শনিবার (০৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকা বিভাগে ৪৪৪ জন, চট্টগ্রামে ২২৪, বরিশালে ১৩৮, সিলেটে ১৫৮, খুলনায় ৭৩, ময়মনসিংহে ৪৯, রাজশাহীতে ২৪ এবং রংপুরে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে। তাদের মধ্যে ২১ হাজার ৬৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এমএ//