আন্তর্জাতিক

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর শাস্তি চলবে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার সক্ষমতা রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বক্তব্যে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেন, পারস্য উপসাগরে সামরিক শক্তি মোতায়েন করে যুক্তরাষ্ট্র আশা করেছিল ইরান আত্মসমর্পণ করবে। তবে সেই প্রত্যাশার বিপরীতে ইরানের কাছ থেকে প্রতিরোধের মুখে পড়েছে ওয়াশিংটন।

ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক যুদ্ধে তাদের দেশ বিজয়ী হয়েছে। এখন সেই অবস্থানকে দীর্ঘমেয়াদি কৌশলগত প্রতিরোধ সক্ষমতায় রূপ দেওয়া হচ্ছে। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে ইরানের জনগণ সাহস ও জাতীয় নিরাপত্তার শক্তি অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালি নিয়েও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন মোহেবি।

তার দাবি, সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করাকে যুক্তরাষ্ট্র যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরেছিল। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী থাকা সত্ত্বেও কয়েক ঘণ্টার জন্যও হরমুজ প্রণালি খোলা রাখতে পারেনি ওয়াশিংটন।

মোহেবি বলেন, তেলের দাম বেড়ে যাওয়া ঠেকাতে হরমুজ প্রণালি খোলা রয়েছে—যুক্তরাষ্ট্র এমন দাবি করলেও জলপথটির নিয়ন্ত্রণ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের হাতে রয়েছে।

তার দাবি, যুদ্ধ শুরুর আগে প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে কয়েক ডজন থেকে শতাধিক জাহাজ চলাচল করত। বর্তমানে ইরানের বাণিজ্যিক অংশীদারদের তেলবাহী জাহাজই কেবল তেহরানের অনুমতি নিয়ে ওই জলপথ ব্যবহার করতে পারছে।

মার্কিন সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেন আইআরজিসির মুখপাত্র।

তার অভিযোগ, সামরিক প্রযুক্তিতে নিজেদের শ্রেষ্ঠত্বের ধারণা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র প্রচারণা চালিয়েছে। তবে সাম্প্রতিক যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্রের উন্নত আকাশ, নৌ ও স্থল সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার জন্য সাতটি শর্তের কথা জানিয়েছেন। এর মধ্যে যুদ্ধ বন্ধ, ইরানের জব্দ করা সম্পদ ছাড় এবং ইরানি জাহাজ ও বন্দরের ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিষয় রয়েছে।ইরান জানিয়েছে, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনা ও হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে অগ্রসর হবে না।

সূত্র: তাসনিম নিউজ

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #আইআরজিসি