আন্তর্জাতিক

ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক

আন্তর্জাতিক ডেস্ক

জুরিখ থেকে দিল্লিগামী ফ্লাইট পরিচালনার আগে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বরের জুরিখ-দিল্লি ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে হয়।

সুইজারল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকে জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, জুরিখ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার আগে ওই পাইলটের প্রাথমিক শ্বাস বিশ্লেষক পরীক্ষায় মদ্যপানের উপস্থিতি ধরা পড়ে। পরীক্ষার ফল ইতিবাচক আসার পরই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে বিস্তারিত চিকিৎসা পরীক্ষার জন্য তাকে পাঠানো হয় এবং সাধারণ যাত্রী হিসেবে ভারতে ফেরত পাঠানো হয়।

চূড়ান্ত চিকিৎসা প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পাইলট সাময়িক বরখাস্ত থাকবেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এয়ার ইন্ডিয়ার পাইলট ও ক্রুদের মদ্যপান এবং মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ার সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর নজরদারি আরও জোরদার করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। দায়িত্ব পালনের আগে পাইলট ও ক্রুদের মদ্যপান বা নিষিদ্ধ মাদক গ্রহণ ঠেকাতে পরীক্ষার ব্যবস্থাও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে ভারতগামী একটি ফ্লাইট পরিচালনার আগে মদের গন্ধ পাওয়ায় এয়ার ইন্ডিয়ার আরেক পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় আরও একজন পাইলটকে চাকরিচ্যুত করেছে সংস্থাটি।

গত বছরের জুনে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দুর্ঘটনার পর পাইলটদের নিরাপত্তা বিধি ও পেশাগত আচরণ নিয়ে নজরদারি আরও কঠোর করা হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নিরাপত্তা, সুরক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তাদের নীতি কঠোর। দায়িত্ব পালনের আগে অ্যালকোহল বা নিষিদ্ধ মাদক গ্রহণের বিষয়ে সব পাইলটকে সতর্ক করেছে সংস্থাটির উড়োজাহাজ পরিচালনা বিভাগ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জুরিখ #এয়ার ইন্ডিয়া #মদ্যপ #সাময়িক বরখাস্ত #পাইলট