আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। কখনো অর্থনৈতিক অনিশ্চয়তায় নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বাড়ছে, আবার কখনো সুদের হার ও বন্ডের মুনাফার চাপ দিচ্ছে দাম কমার দিকে। এরই মধ্যে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা।

বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৪টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহের চুক্তির দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪০ ডলারে পৌঁছায়।

তবে স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বগতি পুরোপুরি স্বস্তির নয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

জেফ্রিজের মালিকানাধীন ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির সম্ভাবনায় তেলের দাম কমেছে। এতে শুক্রবার স্বর্ণের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সপ্তাহের হিসাবে এখনো স্বর্ণের দাম কমার দিকেই রয়েছে।

বিশ্লেষকদের মতে, ফেডারেল রিজার্ভের উচ্চ সুদের হার এবং মার্কিন বন্ডের বাড়তি মুনাফা স্বর্ণ ধরে রাখার সুযোগ-ব্যয় বাড়িয়ে দিচ্ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়িয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও সুদের হার বাড়ানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে।

সিএমই ফেডওয়াচের হিসাব অনুযায়ী, বাজারের লেনদেনকারীরা অক্টোবরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৭১ শতাংশ এবং ডিসেম্বরে ৯৫ শতাংশ বলে ধরে নিচ্ছেন।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। কিন্তু সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা মুনাফা পাওয়া সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন। এতে স্বর্ণের চাহিদায় চাপ তৈরি হয়।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ছিল মিশ্র চিত্র। রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৯০ ডলারে উঠেছে। প্ল্যাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৬৭ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে। বিপরীতে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৬৫ দশমিক ০৩ ডলারে নেমেছে।

অন্যদিকে দেশের বাজারে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্ববাজার #স্বর্ণ