জাতীয়

আবারও গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণ জানালো পেট্রোবাংলা

ফাইল ছবি

কক্সবাজার মহেশখালীতে অবস্থিত ভাসমান টার্মিনালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গ্যাস স্থানান্তর বন্ধ আছে। এতে আজ এলএনজি সরবরাহ কমে গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর করায় বিঘ্ন ঘটেছে। ফলে এলএনজি সরবরাহ কমায় সামগ্রিক গ্যাস সরবরাহ কিছুটা কমেছে। বঙ্গোপসাগরে আবহাওয়ার উন্নতি হলে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

এর মধ্যেই তিন দিনের ব্যবধানে এলএনজি থেকে গ্যাস সরবরাহ প্রায় ৩২ শতাংশ কমে ৬৮৬ মিলিয়ন ঘনফুটে নেমেছে। মোট গ্যাস সরবরাহও নেমেছে ২ হাজার ৩০১ মিলিয়ন ঘনফুটে।

পেট্রোবাংলার বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, এ দিন দেশীয় ক্ষেত্র থেকে গ্যাসের সরবরাহ ছিল ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট। আমদানি করা এলএনজি থেকে পাওয়া রিগ্যাসিফায়েড এলএনজি বা আরএলএনজির সরবরাহ ছিল ৬৮৬ মিলিয়ন ঘনফুট।

প্রায় দুই মাস পর আগের মতো স্বাভাবিক হয়ে এসেছিল গ্যাস সরবরাহ। গত ১৬ আগস্ট থেকেই মহেশখালীর দুটো ভাসমান টার্মিনাল পুরো সক্ষমতায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করছিল।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্যাস #এলএনজি