আন্তর্জাতিক

জাপানে টাইফুন ডুজুয়ানের আঘাতে নিহত ২

শক্তিশালী টাইফুন ডুজুয়ানের প্রভাবে জাপানে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। ঝড়ের দাপটে টোকিও ও আশপাশের এলাকায় বন্যা, ভূমিধস ও বিদ্যুৎ বিপর্যয়ের পাশাপাশি সড়ক, রেল ও বিমান চলাচলও ব্যাহত হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার টোকিওর কাছাকাছি কাতসুরা শহরের প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ দিয়ে অতিক্রম করার সময় ডুজুয়ানের সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের প্রভাবে দুজনের মৃত্যু হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, মঙ্গলবার ভোরে ডুজুয়ান উপকূল থেকে দূরে সরে উত্তর-পূর্ব দিকে সাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। এ সময় ঝড়টির শক্তিও কিছুটা কমে আসে।

তবে এর প্রভাবে সতর্কতা জারি থাকা এলাকাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জেএমএর কর্মকর্তা তাকুয়া হোসোমি জানান, উত্তর দিকে অগ্রসর হওয়ার সময়ও টাইফুনটির কারণে ভারী বৃষ্টি হতে পারে।

ঝড়ের প্রভাবে দেশটির বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। সোমবার জাপান এয়ারলাইনস ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করে। এতে বিভিন্ন বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন বহু যাত্রী।

রেল যোগাযোগও ব্যাহত হয়। টোকিও ও ওসাকার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেনসহ কয়েকটি রেলসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগে জেএমএ সতর্ক করে জানিয়েছিল, টাইফুনের প্রভাবে বৃষ্টি ও বাতাসের তীব্রতা আরও বাড়তে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত যে পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তা সেপ্টেম্বরে সাধারণত পুরো এক মাসে হওয়া বৃষ্টির পরিমাণকেও ছাড়িয়ে যেতে পারে। এতে রেকর্ড ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

জাপানে এ বছর এখন পর্যন্ত ডুজুয়ান ২৫তম টাইফুন। গ্রীষ্মের শেষভাগ থেকে শরতের শুরু পর্যন্ত দেশটিতে প্রায়ই শক্তিশালী টাইফুন আঘাত হানে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাপান #টাইফুন