আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১১ বেসামরিক নাগরিকসহ পাঁচ পুলিশ সদস্য রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শুক্রবার দুপুরে এ বোমা হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন পেশোয়ার পুলিশ।

বিবিসি জানায়, কোহাত জেলার পুলিশ সদরদপ্তর মসজিদে সাধারণ মানুষ জুম্মার নামাজের জন্য জড়ো হয়েছিলেন। হামলাকারীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে মসজিদে ধাক্কা দিলে বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর এখনো গোলাগুলি চলছে। এরমধ্যে এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে।

বার্তাসংস্থা ডিপিএ জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী ওই অঞ্চলের মসজিদে হামলার পর হাসপাতালে ১৫টি মরদেহ এবং আহত অবস্থায় আর প্রায় ৫০ জনকে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানান, আহত অবস্থায় যাদের নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। এতে করে নিহতের সংখ্যা বাড়তে পারে।

এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সেখানে তেহরিক-ই-তালেবানের উপস্থিতি রয়েছে। যারা প্রায়ই পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালায়। অতীতে তারা মসজিদেও বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #মসজিদ #বোমা হামলা