শিক্ষা

একাদশের ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদনের প্রথম পর্যায়ের ফল আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। দেশের সব শিক্ষা বোর্ডে একই সময়ে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন।

এর আগে গেল ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন।

এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

যেভাবে ফল দেখবেন

একাদশ শ্রেণির ভর্তি ফল দেখতে শিক্ষার্থীদের প্রথমে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর হোমপেজের ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।

সব তথ্য দেওয়ার পর স্ক্রিনে থাকা ক্যাপচা পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে। এজন্য আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন সম্পন্ন না করলে ওই শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলেজগুলোতে মূল ভর্তি কার্যক্রম চলবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভর্তি #একাদশে ভর্তি