টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঐচ্ছিক ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন ছুটি পাওয়া যাবে।
২৩ সেপ্টেম্বর ছুটির পর ২৪ সেপ্টেম্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে ফেরার কথা রয়েছে। তবে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকায় শিক্ষক-কর্মচারীরা ২৫ ও ২৬ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিন ছুটি কাটাতে পারবেন।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের জন্য কোনো সাধারণ ছুটি রাখা হয়নি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক বার্ষিক ছুটির তালিকায় ২৩ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পালিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় মধুপূর্ণিমা উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত ভিন্ন হতে পারে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া হবে কি না, সেটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই নির্ধারণ করতে পারে। ফলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি নাও থাকতে পারে।
কোনো বিশ্ববিদ্যালয় এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রমও চলতে পারে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছুটির বিষয়টি পুরোপুরি নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর।
এসি//