জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এই সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
হুমায়ুন কবির বলেন, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহনের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন এবং ২৬ তারিখ পর্যন্ত তিনি নিউ ইয়র্কে অবস্থান করবেন।
প্রতিমন্ত্রী জানান, এই সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভিশন তুলে ধরা ও দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিং অনুষ্ঠিত হবে। একইসাথে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি বড় গুরুত্ব পাবে।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিটিং হবে কিনা-জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার প্রাথমিক উদ্দেশ্য হলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। উনি যখন যাবেন, যাদের সঙ্গেই দেখা বা বৈঠক হবে আপনাদেরকে জানানো হবে। কোনো কিছুই গোপন হবে না, কাজেই আপনাদেরকে জানানো হবে।
আর/আই