আন্তর্জাতিক

সৌদির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

তিনি জানান, সৌদির দক্ষিণাঞ্চলীয় শারুরাহ সামরিক ঘাঁটিতে হামলাটি চালানো হয়েছে। সেখানে থাকা অস্ত্রের গুদাম এবং ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেন তিনি।

তবে কখন হামলাটি চালানো হয়েছে, সে বিষয়ে কোনো সময় উল্লেখ করেননি ইয়াহিয়া সারি।

সৌদি আরবকে সতর্ক করে হুতি মুখপাত্র বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকলে এর জবাব আরও বড় পরিসরে ও তীব্রভাবে দেওয়া হবে। প্রয়োজনে সৌদি ভূখণ্ডের আরও গভীরে হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সাম্প্রতিক সময়ে হুতি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর আগে সৌদির জাজান অঞ্চলে হুতিদের ছোড়া একটি প্রজেক্টাইল আঘাত হানে। সৌদি কর্তৃপক্ষের দাবি, এতে দুইজন আহত হন এবং একটি মসজিদসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: আলজাজিরা

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব #ইয়েমেন #হুতি #ইরান #ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র