সিরাজগঞ্জ শহরের ক্রসবার-৩ এলাকায় যমুনা নদী থেকে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বেলা ১১টার দিকে সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, নদীতে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে স্থানীয়দের মাধ্যমে তারা বিষয়টি জানতে পারে। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে তীরে তুলে আনা হয়।
সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মো. কাউসার জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে কিশোরটির মৃত্যু হয়েছে। তার পরনে পায়জামা ছিল এবং মুখমণ্ডলে পচন ধরেছে। পোশাক ও অন্যান্য বিষয় দেখে প্রাথমিকভাবে তাকে মাদ্রাসার শিক্ষার্থী বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা জানান, এখনো কিশোরটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি তার মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোও তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
এমএ//