আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশিত হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফলাফল।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবারের পুনর্নিরীক্ষায় নিয়মে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন কেবল উত্তরপত্রের নম্বর যোগে কোনো ভুল আছে কি না তা যাচাই করা হলেও, এবার প্রথমবারের মতো আবেদনকৃত খাতাগুলো পুনরায় মূল্যায়ন করা হয়েছে।
গত ১১ আগস্ট শুরু হয়ে ১৭ আগস্ট পর্যন্ত চলা এই কার্যক্রমে দেশের ১১টি শিক্ষা বোর্ডে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। নির্ধারিত সময়ে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র (লিখিত ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক ২ লাখ ৩১ হাজার ৪৭১টি) পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।
বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী ৩ লাখ ৩৫ হাজারেরও বেশি লিখিত ও ব্যবহারিক খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।
আর/আই