পারস্য উপসাগরে সেনা মোতায়েন কিংবা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নিলে দক্ষিণ কোরিয়াকে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ইরান।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কোরিয়ান ভাষায় দেওয়া এক বার্তায় এ হুঁশিয়ারি জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, পারস্য উপসাগর বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়া কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে সেটিকে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী হামলার সরাসরি সমর্থন হিসেবে বিবেচনা করবে তেহরান।
ইসমাইল বাঘাই দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, গত ৬৪ বছর ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তেহরান এই সম্পর্ককে সবসময় সম্মানের সঙ্গে দেখে এসেছে। তবে বর্তমান পরিস্থিতিতে এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।
ইরানের এই মুখপাত্র অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া যদি পারস্য উপসাগর কিংবা হরমুজ প্রণালিতে সেনা পাঠায়, তাহলে দেশটিকে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের সরাসরি সমর্থক হিসেবে বিবেচনা করা হবে।
বাঘাই আরও বলেন, কোনো আত্মমর্যাদাশীল ও দায়িত্বশীল দেশ যুক্তরাষ্ট্রের চাপের মুখে অন্য একটি দেশের ওপর অন্যায় হামলায় অংশ নিতে পারে না।
এ কারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে চাপই আসুক না কেন, দক্ষিণ কোরিয়াকে চলমান যুদ্ধে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছে তেহরান।
সূত্র: মেহের নিউজ
এসি//