জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিকভাবে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। নতুন করে বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৮০ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে।
তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজ এবং অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে তারা।
ইরানের দাবি, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় তাদের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস হওয়ার পর তারই জবাব হিসেবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়াতেই যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পরিচালনা করেছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এ সময়ের মধ্যে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৩০ শতাংশেরও বেশি।
হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।
তাদের মতে, পরিস্থিতির অবনতি হলে বিশ্ব অর্থনীতিতে ফের বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এসি//