বাংলাদেশি রোগীদের জন্য মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি)।
এ উদ্যোগের আওতায় চিকিৎসার আগে, চিকিৎসাকালীন ও চিকিৎসা শেষে রোগীদের সহায়তা বাড়ানোর পাশাপাশি টেলিমেডিসিন সেবা সম্প্রসারণ এবং দুই দেশের স্বাস্থ্য খাতের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে গেল ৩ সেপ্টেম্বর কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন এমএইচটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো সুরিয়াগান্ধী সুপ্পিয়াহর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
বৈঠকে বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের স্বাস্থ্য খাতের মধ্যে আরও কার্যকর যোগাযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।
এর আগে বাংলাদেশ সফরের সময় দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পর্যটন নিয়ে আলোচনা করেছিল এমএইচটিসি। সেই আলোচনার ধারাবাহিকতায় এবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলো।