জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা

বায়ান্ন প্রতিবেদন

ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে চান—এমন বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বিশেষ করে বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোন ধরনের কর্মকাণ্ড করা যাবে না, সে বিষয়ে স্পষ্ট করে সতর্ক করেছে দূতাবাস।

শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।

মার্কিন দূতাবাস জানিয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না। বার্থ ট্যুরিজম হিসেবে পরিচিত এই কর্মকাণ্ড এ ভিসার আওতায় অনুমোদিত নয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন চাকরি বা কাজ করাও বি১/বি২ ভিসায় বৈধ নয়।

এই ভিসা নিয়ে গিয়ে ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য নির্ধারিত কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়াও অনুমোদিত নয়। একইভাবে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও এ ভিসার শর্তের বাইরে।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সে সময় জানানো হয়, শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে পড়াশোনার পাশাপাশি অনুমোদনহীন কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

ফলে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা পড়াশোনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ভিসার শর্ত ও নিয়ম যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন দূতাবাস।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভ্রমণ #যুক্তরাষ্ট্র #মার্কিন দূতাবাস #বি১/বি২ ভিজিটর ভিসা