দেশজুড়ে

আবারও দুর্ঘটনার কবলে স্লিপার বাস, স্থানীয়দের তৎপরতায় প্রাণহানি থেকে রক্ষা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইকনিক পরিবহনের একটি স্লিপার বাস পুকুরে পড়ে ১৫ জন আহত হয়েছেন। পানিতে অর্ধ নিমজ্জিত অবস্থায় বাসের ভেতর আটকে থাকা যাত্রীদের স্থানীয়দের তৎপরতায় দ্রুত উদ্ধার করায় বড় ধরণের প্রাণহানি এড়ান গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলীলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা আইকনিক পরিবহনের বাসটি খলীলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি পুকুরের পরে গেলে এসি বাসে জানালা না থাকায় যাত্রীরা আটকা পড়েন। পরে স্থানীয়রা গ্লাস ভেঙে তাদের বের করে আনেন।

দ্রুতগতির পাশাপাশি চালকের ঘুমের  কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন ।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসটির ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ৬ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের  উদ্ধারকারী দলের টিম লিডার জানান, খবর পাওয়ার পরপরই একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। কুয়াকাটা ভ্রমণের জন্য তারা বাসটি রিজার্ভ ভাড়া নিয়েছিল। 

ওসি মো নজরুল ইসলাম বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এর আগে গেলো ৭ আগস্ট সিলেটের ওসমানি নগরে একটি স্লিপার বাসের সাথে আর একটি যাত্রিবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯ যাত্রী প্রাণ হারান।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পটুয়াখালী #আইকনিক পরিবহন