আবহাওয়া

দুপুরের মধ্যে পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বায়ান্ন প্রতিবেদন

আকাশজুড়ে মেঘের আনাগোনা, সঙ্গে দমকা হাওয়ার শঙ্কা। দিনের শুরুতেই দেশের কয়েকটি অঞ্চলে বজ্রবৃষ্টির পাশাপাশি ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে পাঁচ অঞ্চলের নৌবন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার (২৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সাময়িকভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এমন প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনায় বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

ফলে এসব এলাকার নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া #বজ্রবৃষ্টি