কক্সবাজারের মহেশখালী চ্যানেলে নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্যসহ কাঠের নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হলেও আলবার্ট (১৬) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপের মোহনায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। বিকেলে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড (৭৪) পরিবারের সদস্য বেলা (৩৬), রালফ (১৩) ও আলবার্টকে (১৬) নিয়ে নিজস্বভাবে তৈরি কাঠের নৌকায় সাগরে ভ্রমণে বের হন। কয়েক দিন ধরে নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যরা কক্সবাজার, মহেশখালী ও সোনাদিয়ার আশপাশের এলাকায় ভ্রমণ করছিলেন। আজ মঙ্গলবার সকালে তাঁরা নাজিরারটেক উপকূল থেকে কাঠের নৌকায় করে সাগরে নামেন। মহেশখালী চ্যানেলের সোনাদিয়া মোহনা এলাকায় পৌঁছালে বড় ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।
নৌকাডুবির বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। তবে এ সময় আলবার্ট নিখোঁজ হয়ে যায়।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও দ্রুতগামী বোটও উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে।
তিনি জানান, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ আলবার্টকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আই/এ