দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৯২৫ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮২৬ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।
এ সময়ে নতুন ৬৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ৪ শিশু। গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭১৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ১৪৪ জন।
এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৮ হাজার ২৬ রোগী। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
এমএ//