রাজশাহী ক্যাডেট কলেজ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করেছে। এই অভাবনীয় সাফল্যে আনন্দ উৎসবে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন বোর্ডের চেয়ারম্যানের কার্যালয় থেকে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনা
কলেজ কর্তৃপক্ষ জানান, ঐতিহ্যগতভাবেই ভালো ফলাফল করার ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের বিশেষ খ্যাতি রয়েছে। কেবল প্রাতিষ্ঠানিক পড়াশোনাই নয়, বরং শিক্ষার্থীদের সার্বিক মানসিক ও শারীরিক বৃদ্ধিতে এখানে সমগুরুত্ব দেওয়া হয়। নিয়মিত পড়াশোনার পাশাপাশি মৌলিক সামরিক প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের পর্যাপ্ত সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে।
এবারের সাফল্য প্রসঙ্গে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বলেন, এ বছর আমাদের কলেজ থেকে মোট ৪৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং তাদের সবাই গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। আগামী দিনেও সাফল্যের এই ধারা অক্ষুণ্ণ রাখতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এসএসসিতে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৬৩.৬৭ শতাংশ। যেখানে এর আগের বছর অর্থাৎ ২০২৫ সালে পাসের হার ছিল ৭৭.৬৩ শতাংশ এবং তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে এই হার ছিল ৮৯.২৬ শতাংশ।
আর/আই