আইন-বিচার

সেই কিশোরী মাকে নিয়ে লিগ্যাল এইডের নতুন সিদ্ধান্ত

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর হাজারীবাগের আলোচিত ১৩ বছর বয়সী কিশোরী মা শর্তসাপেক্ষে তার সাত মাস বয়সী ছেলেসন্তানকে আপাতত নিজের কাছে রাখার অনুমতি পেয়েছেন। একই সঙ্গে শিশুটির দেখভাল নিশ্চিত করার পাশাপাশি কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড।

মঙ্গলবার (০৪ আগস্ট) ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে শিশুটির অভিভাবকত্বসংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, বিদ্যমান আইন এবং শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় আপাতত সাত মাস বয়সী শিশুটি তার মায়ের কাছেই থাকবে।

তিনি আরও জানান, শুনানির সময় কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে উভয় পক্ষকে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা জেলা লিগ্যাল এইড সূত্রে জানা গেছে, শিশুটির স্থায়ী অভিভাবকত্ব চেয়ে তার বাবার করা আবেদন বর্তমানে সংশ্লিষ্ট পারিবারিক আদালতে বিচারাধীন রয়েছে। ফলে শিশুটির স্থায়ী অভিভাবকত্ব কার কাছে থাকবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট আদালতের রায়ের ভিত্তিতেই নির্ধারিত হবে।

এর আগে ১৩ বছর বয়সী কিশোরী মা জুঁই ও তার সাত মাস বয়সী সন্তানকে ঘিরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরিবারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে টিকটকের মাধ্যমে ২২ বছর বয়সী মো. শাকিল মিয়ার সঙ্গে কিশোরীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে যোগাযোগ বাড়ে। পরিবারের অভিযোগ, শাকিল কিশোরীকে প্রলোভন দেখিয়ে নোটারির মাধ্যমে বিয়ে করেন। এরপর কিশোরী অন্তঃসত্ত্বা হন এবং চলতি বছরের ১ জানুয়ারি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ছেলেসন্তানের জন্ম দেন। সে সময় তার বয়স ছিল ১২ বছর ৪ মাস।

পরে অভিযোগ ওঠে, শাকিল মিয়ার পরিবার শিশুটিকে নিজেদের কাছে রেখে কিশোরীকে বাড়ি থেকে বের করে দেয়। ফলে সন্তানকে ছাড়াই তাকে বাবার বাড়িতে ফিরে যেতে হয়। পরে সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে গত ২০ মে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আবেদন করেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে শিশুর নিরাপত্তা, কল্যাণ ও অভিভাবকত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা জেলা লিগ্যাল এইড মঙ্গলবার শুনানির আয়োজন করে। তবে আপাতত শিশুটি মায়ের কাছে থাকলেও স্থায়ী অভিভাবকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সংশ্লিষ্ট পারিবারিক আদালত।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরী মা #আদালত