রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেনের উপর ‘হামলার’ অভিযোগ উঠেছে।
রোববার (০২ আগস্ট) উত্তর সিটির অঞ্চল-৮ এর অধীন ৪৬ নং ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন।
তিনি জানান, পরিচ্ছন্নকর্মীদের ওপর স্থানীয় কিছু 'সন্ত্রাসী' অতর্কিত আক্রমণ করে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার। এ সময় হামলাকারীরা প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও চড়াও হয় এবং হামলা চালায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, ইট-পাটকেল মারার ঘটনায় কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কয়েকজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
আর/আই