এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান আসামি করে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রোকন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এতে এনসিপির ১০ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, গত ২৮ জুলাই বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হয়। এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরী মুবিনসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।
হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল ও ইটের টুকরো দিয়ে আঘাত করা হয়।
এছাড়া সংঘর্ষের সময় বাদী, মোজাক্কির হোসেন ইমন, মাহফুজ চৌধুরী, মাহমুদুল হাসান গাজী, শিমুল হাসানের মোবাইল ফোনসহ রক্সি ইসলামের কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
ওসি মো. জাহিদুল হক বলেন, এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ