জাতীয়

দেশেই প্রতিষ্ঠিত হবে সিনথেটিক ল্যাব: শিক্ষামন্ত্রী

ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদন এবং গবেষণা সক্ষমতা বাড়াতে দেশে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা হলে উৎপাদন ব্যয় কমবে, ওষুধের দাম কমানোর পাশাপাশি গবেষণা ও দক্ষ জনবল তৈরিতেও নতুন সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ল্যাবটি প্রতিষ্ঠা করবে। এ প্রকল্প বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সমন্বয় করবে। প্রধানমন্ত্রীও এ ধরনের বিশেষায়িত গবেষণাগার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

এ বিষয়ে বুয়েটের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আইয়ুব আলী জানান, দেশের ওষুধ শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও অধিকাংশ কাঁচামাল এখনও আমদানিনির্ভর। সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠিত হলে দেশেই প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন সম্ভব হবে। 

তিনি আরও জানান, এতে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি ওষুধের দামও কমতে পারে। একই সঙ্গে এ খাতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়বে এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে নতুন কর্মসংস্থান ক্ষেত্র সৃষ্টি হবে।

 

এ/আর

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ওষুধ শিল্প #সিনথেটিক ল্যাব #শিক্ষামন্ত্রী