আন্তর্জাতিক

ককরোচ আন্দোলনকারীদের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

‘এই শুক্রবারিদের দেখিয়ে দেব, ওদের কী করতে হয়, আমি জানি’

আন্তর্জাতিক ডেস্ক

নিট কেলেঙ্কারির প্রতিবাদে কলকাতার ধর্মতলায় আয়োজিত বিক্ষোভে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ। এ ঘটনার পর আহত গণমাধ্যমকর্মীদের দেখতে হাসপাতালে গিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে যান। সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'কটা দিন অপেক্ষা করুন, ওদের কী করতে হয়, আমি জানি। এই "শুক্রবারি"দের দেখিয়ে দেব।'

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এর কিছুক্ষণ পরই হাসপাতালে পৌঁছান বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি কোনো ছাত্র আন্দোলনের চিত্র নয়, বরং চরম স্বৈরাচার। ভিডিওতে প্রতিবাদকারীদের ভাষা ও আচরণ দেখে তিনি বিস্মিত হয়েছেন বলেও মন্তব্য করেন। তার মতে, এ ধরনের কর্মকাণ্ডকে ছাত্র আন্দোলন বলা যায় না।

নিট কেলেঙ্কারির প্রতিবাদে শুক্রবার ধর্মতলায় বামপন্থী ছাত্র সংগঠনের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা বিরাজ করে। একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই বিশৃঙ্খলার মধ্যেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন কয়েকজন গণমাধ্যমকর্মী।

তবে হামলার দায় অস্বীকার করেছেন কর্মসূচির অন্যতম উদ্যোক্তা দেদীপ্ত গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, তাদের আন্দোলনে আসার প্রয়োজন নেই। আন্দোলনের নামে কোনো ধরনের সন্ত্রাসী বা গুন্ডামিকে তারা সমর্থন করেন না। নিজেদের দাবিকে সামনে রেখেই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

এদিকে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সংবাদমাধ্যমের ধারণ করা ভিডিও এবং স্থিরচিত্র পর্যালোচনা করছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নিট কেলেঙ্কারি #শুভেন্দু অধিকারী #সিজেপি #ককরোচ জনতা পার্টি #পশ্চিমবঙ্গ