রাজনীতি

জামায়াতে ইসলামী ফেরেশতাদের সংগঠন নয় - ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের সংগঠন নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ হিসেবে তাদেরও ভুলত্রুটি হতে পারে। তবে জামায়াতে ইসলামীর নীতি অনুযায়ী, অন্যায়-অপকর্মের সঙ্গে তারা কখনো আপস করে না।

শুক্রবার (২৪ জুলাই) কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ঢাকা জেলা জামায়াতের রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান স্পষ্ট করেন যে, জামায়াত নিজেদের নিখুঁত বলে দাবি করে না। তাদের কর্মকাণ্ডেও ভুল, অন্যায়, দোষ ও অপরাধও সংগঠিত হতে পারে।  

তাই দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতের যেকোনো ভুল বা অন্যায় আমাদের নজরে এনে দিলে আমরা তা সাদরে গ্রহণ করে সংশোধন করব, ইনশাআল্লাহ।

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। ভেরি কেয়ারফুল! নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।

তিনি আরও যোগ করেন, অনিচ্ছাকৃত ছোটখাটো কোনো ভুল হলে শুধরে নিয়ে পুনরায় কাজ করার সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু অন্যায়ের মাত্রা যদি গুরুতর বা মারাত্মক হয়, তবে ছাড় দেওয়ার কোনো সুযোগ থাকবে না।

 

সেক্ষেত্রে দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। এই সতর্কবার্তা শুধু কর্মীদের জন্যই নয়, নিজেরসহ সংগঠনের সর্বস্তরের জন্য প্রযোজ্য বলে তিনি মন্তব্য করেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াতে ইসলাম #ডা. শফিকুর রহমান