বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে ভাসছে স্পেন। তবে শিরোপা উদ্যাপনের মধ্যেই আলোচনায় উঠে এসেছে দলের বাঁ প্রান্তের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার দেওয়া দুটি ব্যতিক্রমী প্রতিশ্রুতি। একটি জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করানো, অন্যটি স্পেন জাতীয় দল থেকে অবসর নেওয়া।
আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন। সোমবার দেশে ফিরে সমর্থকদের সঙ্গে শিরোপা উদ্যাপনে অংশ নেবেন ফুটবলাররা। তবে তার আগেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে নিজের ট্যাটুর প্রতিশ্রুতির কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন কুকুরেয়া।
বিশ্বকাপ শুরুর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, স্পেন চ্যাম্পিয়ন হলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের একটি ট্যাটু শরীরে আঁকাবেন। শিরোপা জয়ের পরও সেই সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। এখন শুধু ট্যাটুটি শরীরের ঠিক কোন জায়গায় করবেন, সেটিই ঠিক করা বাকি।
এ বিষয়ে কুকুরেয়া জানান, কোথায় ট্যাটু করাবেন, সেটি এখনো ঠিক হয়নি। তবে এমন জায়গায় করাতে চান, যাতে সেটি সহজেই দেখা যায়। সামনে দীর্ঘ সফর থাকায় সতীর্থদের কাছ থেকেও এ বিষয়ে পরামর্শ নেওয়ার আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করে দেন, দেওয়া প্রতিশ্রুতি তিনি অবশ্যই রাখবেন।

গত ১২ জুন স্পেনের জনপ্রিয় অনুষ্ঠান ‘এল পার্তিদাসো দে কোপে’-তে প্রথম এই প্রতিশ্রুতি দিয়েছিলেন কুকুরেয়া। এর তিন দিন পর কাবো ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে স্পেন।
সেই অনুষ্ঠানেই কুকুরেয়া জানিয়েছিলেন, বিশ্বকাপ জিততে পারলে কোচের মুখের ছোট একটি ট্যাটু করাবেন। যদিও শরীরের কোন অংশে সেটি থাকবে, সে সিদ্ধান্ত পরে নেবেন বলেও উল্লেখ করেছিলেন।
তবে ট্যাটুই ছিল না তার একমাত্র প্রতিশ্রুতি। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের দুই দিন আগে মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে জাতীয় দল থেকেই বিদায় নেবেন।
সাক্ষাৎকারে কুকুরেয়া বলেন, বিশ্বকাপ জিততে পারলে পরদিনই কোচ লুইস দে লা ফুয়েন্তেকে ফোন করে জানিয়ে দেবেন, তাকে আর জাতীয় দলে না রাখতে। একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং একটি বিশ্বকাপ জয়ের পর এর চেয়ে ভালো সমাপ্তি আর হতে পারে না বলেও মন্তব্য করেছিলেন তিনি।
তবে বিশ্বকাপ জয়ের পর ট্যাটুর প্রতিশ্রুতি পূরণের বিষয়টি নিশ্চিত করলেও জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে নতুন করে কিছু বলেননি কুকুরেয়া। ফলে কোচের মুখের ট্যাটুর পাশাপাশি দ্বিতীয় প্রতিশ্রুতিটিও তিনি বাস্তবায়ন করবেন কি না, সেটিই এখন স্পেনের সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
এসি//