অপরাধ

কারাগার থেকে পালানো সেই নারী কয়েদিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী কয়েদি রিম্পাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত ১৬ জুলাই সন্ধ্যায় তিনি কারাগার থেকে পালিয়েছিলেন।

রোববার (১৯ জুলাই) কারা সদর দপ্তরের এআইজি (মিডিয়া) জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ওই নারী কয়েদি কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কারা কর্তৃপক্ষ জানায়, ১৬ জুলাই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলারের বাসভবনের দক্ষিণপাশের পেরিমিটার ওয়াল টপকিয়ে ওই নারী কয়েদি পালিয়ে যান। পরে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা পর্যবেক্ষণ করে এ বিষয়ে নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ।

এ ঘটনায় এরই মধ্যে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন কারা কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

আই/এ