যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া দেশগুলোকে সম্ভাব্য পাল্টা হামলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আইআরজিসি বলেছে, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হচ্ছে, তাদের অবিলম্বে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা উচিত। একই সঙ্গে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুর আশপাশ থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
এদিকে আইআরজিসি দাবি করেছে, কুয়েতের ক্যাম্প আরিফজানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক লজিস্টিকস ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই হামলায় মার্কিন সেনাদের মধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে। তবে এ দাবির পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
এছাড়া কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। হামলায় ঘাঁটির রাডার ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে এবং একটি অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার ও ড্রোন-সংক্রান্ত স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে কুয়েত কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এমএ//