আন্তর্জাতিক

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে টানা সপ্তম রাতের মতো সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় কুয়েত, বাহরাইন ও জর্ডান নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্বশেষ অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং নৌবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ১৭ জুলাই রাত সাড়ে ৯টায় (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) শেষ হয় এই অভিযান। বাহিনীটি আরও জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। 

পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধও বহাল রাখা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে ইরানের হামলার আশঙ্কায় কুয়েতের সেনাবাহিনী আবারও প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বাহরাইনেও কয়েক ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে।

অন্যদিকে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোরে তাদের আকাশসীমায় প্রবেশ করা ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরিয়ে এলাকা নিরাপদ করতে সেনাবাহিনীর প্রকৌশল দল কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র