আন্তর্জাতিক

কেশম দ্বীপ ও আন্দিমেশকে মার্কিন হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের কেশম দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা এবং খুজেস্তান প্রদেশের আন্দিমেশক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি।

মঙ্গলবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আইআরআইবির খবরে আন্দিমেশকে বিস্ফোরণের কথা উল্লেখ করা হলেও এর কারণ বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কেশম দ্বীপে একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দ্বীপটির গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হলেও হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ দিতে চেয়েছিল।

তিনি বলেন, “আমি তাদের একটি চুক্তি করার সুযোগ দিতে চেয়েছিলাম। কিন্তু তারাই আগে হামলা চালিয়েছে, আর সেটি ছিল বড় ভুল। এরপর থেকেই আমরা তাদের ওপর কঠোর হামলা চালিয়ে যাচ্ছি। তারা খুবই কঠিন ধরনের মানুষ।”

এ বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক সংঘাতের জন্য ইরানকে দায়ী করেন এবং যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #কেশম দ্বীপ #যুক্তরাষ্ট্র #তেহরান #ট্রাম্প