আন্তর্জাতিক ফেভারিট শেফ ২০২৬ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন কানাডাপ্রবাসী বাংলাদেশি শেফ ও উদ্যোক্তা মেহরাব মুসা।
যুক্তরাষ্ট্রভিত্তিক তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান কলোসাল-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও কানাডার শেফ, হোম কুক এবং কুলিনারি কনটেন্ট নির্মাতারা অংশ নিচ্ছেন। এ প্রতিযোগিতার মাধ্যমে জেমস বিয়ার্ড ফাউন্ডেশন-এর কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার বিজয়ী ২৫ হাজার মার্কিন ডলার পুরস্কার, টেস্ট অব হোম ম্যাগাজিনে ফিচার হওয়ার সুযোগ এবং বিশ্বখ্যাত শেফ কার্লা হলের সঙ্গে রান্না করার সুযোগ পাবেন।
মেহরাব মুসা টরন্টোভিত্তিক চিটাগং কিচেন-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানটি করপোরেট অনুষ্ঠান, বিয়ে, ব্যক্তিগত আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশি খাবার ও গ্রাহকের চাহিদা অনুযায়ী ক্যাটারিং সেবা দিয়ে থাকে।

এছাড়া তিনি সিকে ইভেন্টস-এর প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি বাংলাদেশি সংস্কৃতি, খাবার, শিল্প ও ঐতিহ্যকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করে। পাশাপাশি উত্তর আমেরিকার বাজারের জন্য একটি উন্নতমানের বাংলাদেশি মসলার ব্র্যান্ড তৈরির কাজও করছেন তিনি।
কোয়ার্টার ফাইনালে ওঠার প্রতিক্রিয়ায় মেহরাব মুসা বলেন, “ফেভারিট শেফ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছানো আমার জন্য অত্যন্ত সম্মানের। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও কানাডার প্রতিনিধিত্ব করার একটি সুযোগ। আমি বিশ্বাস করি, আমাদের দেশের খাবার, সংস্কৃতি এবং উদ্যোক্তাদের গল্প বিশ্বদরবারে তুলে ধরার এখনই সঠিক সময়।”

বর্তমানে প্রতিযোগিতাটি কোয়ার্টার ফাইনাল পর্বে রয়েছে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগী সেমিফাইনালে উঠবেন। তাই পরবর্তী ধাপে যেতে মেহরাব মুসার জন্য জনসাধারণের ভোট গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমএ//