যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মোবাইল নেটওয়ার্কে সাইবার অনুপ্রবেশ চালিয়ে মার্কিন সামরিক সদস্য ও প্রতিরক্ষা ঠিকাদারদের অবস্থান শনাক্তের চেষ্টা করেছে ইরান। যুক্তরাজ্যভিত্তিক দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) অনুসন্ধানী প্রতিবেদনে এমন দাবি করেছে।
মোবাইল সার্ভেইলেন্স মনিটর গবেষণা প্রকল্পের টেলিযোগাযোগ-সংক্রান্ত তথ্য এবং বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক রোমিং ব্যবস্থা এবং স্মার্টফোনের বিজ্ঞাপনভিত্তিক ডেটা ব্যবহার করে মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালানো হয়েছে।
এ তথ্য সামনে আসার পর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, বাণিজ্যিকভাবে ব্যবহৃত মোবাইল ডেটা ও রোমিং অবকাঠামোর দুর্বলতা কাজে লাগিয়ে সেনাসদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব, যা সামরিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, স্থানীয় মোবাইল অপারেটরদের সঙ্গে থাকা আন্তর্জাতিক রোমিং চুক্তির সুযোগ নিয়ে ইরান বা তাদের মিত্ররা মার্কিন সেনাদের অবস্থান অনুসরণ করার চেষ্টা করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এফটিকে জানান, ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে থাকা মোবাইল ফোনের অবস্থান জানতে বাণিজ্যিকভাবে পাওয়া বিজ্ঞাপনভিত্তিক ডেটাবেসের অপব্যবহার করেছে।
এ বিষয়ে সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাব–এর জ্যেষ্ঠ গবেষক গ্যারি মিলার বলেন, ইরানের কাছে মোবাইল ফোনের অবস্থান দ্রুত ও ধারাবাহিকভাবে শনাক্ত করার সক্ষমতা রয়েছে।
তিনি আরও বলেন, “এসএস৭ বা মোবাইল নেটওয়ার্কের অ্যাক্সেস ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ব্যবহারকারীদের ট্র্যাক করার চেষ্টা করছে ইরান।
সূত্র: আলজাজিরা
এমএ//