জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টা ২ মিনিটে ঢামেক হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত আছেন তার সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজেরই সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
সরকারপ্রধানের এই সফরকে কেন্দ্র করে সকাল থেকেই পুরো ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এক উৎসবমুখর আমেজ বিরাজ করছে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ঢামেকের উদ্দেশে রওনা দেয়। বহরটি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের হাজারো নেতাকর্মী সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।
নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান ও করতালির কারণে কিছু সময়ের জন্য গাড়িবহর ধীরগতি করা হয়। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত সবার শুভেচ্ছার জবাব দেন। পরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ঢামেকের প্রধান ফটক পর্যন্ত প্রধানমন্ত্রীর গাড়িবহরের সঙ্গে এগিয়ে যান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
দীর্ঘদিন পর হাসপাতাল ও কলেজ সংলগ্ন ফুটপাত থেকে ভ্রাম্যমাণ হকার, অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় পুরো এলাকা যানজটমুক্ত ও পরিপাটি রূপ ধারণ করেছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নতুন দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
আর/আই